ভোটের আবহে সরকারি অনুষ্ঠানেও থামল না রাজনৈতিক কটাক্ষ। কলকাতার ৯২ নম্বর ওয়ার্ডের বাবুবাগানে একটি বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন ঘিরে তৃণমূল ও বাম নেতাদের মধ্যে শুরু হল প্রকাশ্য বাকযুদ্ধ।
বিরোধী দলের ওয়ার্ডে হলেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। মঞ্চে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়। অন্যদিকে উপস্থিত ছিলেন এলাকার সিপিএম কাউন্সিলর মধুছন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ এবং বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাভেদ আহমেদ খান প্রথমে এলাকার কাউন্সিলর মধুছন্দা দেবের কাজের প্রশংসা করলেও পরে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন,
“আপনাদের আমলের কাজ আর আমাদের আমলের কাজের পার্থক্যটা বুঝতে পারছেন তো? উন্নয়ন কীভাবে করতে হয় দেখতে পাচ্ছেন তো? আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করি।”
জাভেদের বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত থাকলেও কোনও প্রতিক্রিয়া দেননি সিপিএম কাউন্সিলর মধুছন্দা দেব।
এরপর বিষয়টি আরও তীব্র হয় মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে। তিনি বলেন, বাম আমলে পানীয় জলের উপর কর বসানোর প্রস্তাব এসেছিল। তবে তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব কার্যকর হতে দেননি। তাঁর কথায়, “মানুষ যাতে সমস্যায় না পড়ে, তাই আজও কলকাতায় জলকর নেওয়া হয় না।”
ফিরহাদের এই দাবির পাল্টা জবাব দেন প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন,
“পার্থক্যটা ফিরহাদ হাকিম নিজেই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায়। বামেরা নয়। না জেনেই অনেক কথা বলা হচ্ছে।”
শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেন এলাকার সিপিএম কাউন্সিলর মধুছন্দা দেবও। তিনি বলেন,
“খোঁচা থাকবে, তা আমি জানতাম। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি তৈরি করে দিয়েছিলাম, তৃণমূল এখন তার উপরেই উন্নয়নের ফসল ফলাচ্ছে।”
সরকারি অনুষ্ঠানের মঞ্চেই এমন রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে বাবুবাগানের এই উদ্বোধন অনুষ্ঠান কার্যত রাজনৈতিক তরজার মঞ্চে পরিণত হয়।







