কলকাতা

রবীন্দ্র সরোবর লেকে ফের জলে ডুবে মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

রবিবার সকাল সকাল ভয়াবহ ঘটনা রবীন্দ্র সরোবর লেকে। ফের জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। নাম শিবম বা শুভম (নিশ্চিত নয়)। জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ তিন বন্ধু—শিবম/শুভম, অভিষেক এবং নিখিল—সাঁতার কাটতে নামে কেএমডিএ-র অধীনে থাকা লেকের পাবলিক সুইমিংপুলে।

সাধারণত এই পুলে রেলিং দিয়ে নির্দিষ্ট করা থাকে কোন এলাকায় সাঁতার কাটা যাবে। যাঁরা সাঁতার জানেন না, তাঁরা রেলিংয়ের মধ্যে স্নান করেন। রেলিংয়ের বাইরে কুড়ি ফুট গভীর এলাকা সাঁতার জানাদের জন্য নির্ধারিত। তবে অভিযোগ, রেলিংয়ের ভেতরের জায়গা অরক্ষণাবেক্ষণের কারণে পলি জমে নোংরা হয়ে উঠেছে। ফলে অনেকেই বাইরে চলে যান সাঁতার কাটতে।

সেই মতোই তিন বন্ধু রেলিংয়ের বাইরে চলে যান। স্থানীয়দের বারণে নিখিল উঠে এলেও, অভিষেক ও শিবম (বা শুভম) থেকে যায় জলে। আচমকাই অভিষেক জলে হাবুডুবু খেতে শুরু করলে অন্যান্য সাঁতারুরা তাঁকে উদ্ধার করে। কিন্তু শিবম/শুভমের পা নাকি জলের নিচে থাকা ঝাঁঝরিতে আটকে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলতে থাকে তল্লাশি।

শেষমেশ সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ তাঁর নিথর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর লেকের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কেন এত বড় একটি পাবলিক সুইমিং এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না? কেন সাঁতারুর জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকতে হয়? ঘটনার তদন্তে নেমেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক, না হলে এমন মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.