রাজ্যে আসন্ন নির্বাচন ঘিরে প্রস্তুতি নিয়ে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্ট-এ দায়ের হওয়া এক মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের একাধিক সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা চেয়ে নির্দেশ দিয়েছেন।
মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। মামলাকারী রূপা ব্যানার্জি আদালতে দাবি করেন, ২০১০ সালের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী গ্রুপ ‘এ’ অফিসারদের বুথ ডিউটিতে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। সেই প্রেক্ষিতে কেন শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হচ্ছে, তা পরিষ্কার নয় বলেই অভিযোগ। এই যুক্তির ভিত্তিতে আদালত নির্বাচন কমিশনকে কড়া প্রশ্নের মুখে ফেলে। বিচারপতি জানতে চান, ঠিক কোন ‘বিশেষ পরিস্থিতি’র কারণে শিক্ষকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত নথি আগামী ১৬ই এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।
পাশাপাশি মামলাকারীকেও নির্দেশ দেওয়া হয়েছে, কতজন শিক্ষককে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা আদালতে পেশ করতে।শুনানির সময় নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন ঘোষণার আগে সমস্ত দিক বিবেচনা করেই দিনক্ষণ নির্ধারণ করা হয়। সেই অবস্থায় ভোটের মুখে কর্মী সংকটের যুক্তি গ্রহণযোগ্য নয়। এই মামলার পরবর্তী শুনানিতে কমিশনের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখে আদালত পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা গেছে। ফলে নির্বাচন প্রস্তুতি নিয়ে নতুন করে চাপের মুখে পরল নির্বাচন কমিশন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।







