হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাতের আবহ। মার্কিন পদক্ষেপে ক্ষুব্ধ ইরান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি কথা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। যুদ্ধবিরতির মাঝেই সিদ্ধান্ত বদল, আতঙ্কে আন্তর্জাতিক বাণিজ্য।
মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও উন্নতি এখনও হয়নি। বরং, মার্কিন-ইরান সংঘাতের নতুন অধ্যায় আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
সূত্রের খবর, ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়ে পরে সেটি বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পরই কূটনৈতিক তৎপরতা বাড়ায় ইরান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে। সেই কথোপকথনে মার্কিন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান অভিযোগ তোলেন, “ধমক ও অযৌক্তিক আচরণের মাধ্যমে আমেরিকা আবারও পুরনো কৌশলেই ফিরছে। কূটনীতিতে বিশ্বাসঘাতকতার আশঙ্কা বেড়েছে।”
এরই মধ্যে, যুদ্ধবিরতির আবহে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হিসেবে হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারতীয় সময় শুক্রবার সন্ধ্যায় সেই ঘোষণা সামনে আসে, যা আন্তর্জাতিক বাণিজ্য মহলে স্বস্তি ফিরিয়ে আনে।
তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই অবস্থান বদল করে ফের প্রণালী বন্ধ করে দেয় ইরান।
সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, প্রণালী খোলা থাকার সময় হরমুজ অতিক্রম করার চেষ্টা করলে ভারতের দুটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক নৌপরিবহণ মহলে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ তেল পরিবহণ হয়। ফলে এই জলপথে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে বাধ্য আন্তর্জাতিক বাজারে, যার সরাসরি অভিঘাত পড়তে পারে ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতেও।
বর্তমানে পরিস্থিতির দিকে নজর রেখেছে আন্তর্জাতিক মহল। কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে একাধিক দেশের মধ্যে আলোচনা জারি থাকলেও, উত্তেজনা যে দ্রুত প্রশমিত হচ্ছে না—তা স্পষ্ট।







