প্রথম দফার West Bengal Assembly Election 2026 মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হলেও, ভোট মিটতেই অশান্তির খবর মুর্শিদাবাদের Berhampore থেকে। সাইদাবাদ এলাকার ১ নম্বর বুথ সংলগ্ন এলাকায় কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকা হামলা চালিয়ে কংগ্রেস নেতা কৃষ্ণ ঘোষের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে এবং আশপাশের একাধিক বাড়িতেও ভাঙচুর চালায়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বহরমপুরের কংগ্রেস প্রার্থী Adhir Ranjan Chowdhury। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধীর। সেখান থেকে তিনি যান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে, যেখানে ভর্তি আহত কর্মীদের চিকিৎসার খোঁজ নেন। হাসপাতালের এক আহত কর্মীর পরিবারের দাবি, হামলাকারীরা ব্যাপক তাণ্ডব চালায়—মহিলাদের ওপরও শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। এক প্রবীণ সদস্যের মাথায় গুরুতর আঘাত লাগে, তাঁর অস্ত্রোপচার চলছে।
ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি আরও তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি পোলিং এজেন্টদের ওপর হামলার অভিযোগও করা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে—দ্রুত ব্যবস্থা না নিলে বিষয়টির দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং পারিবারিক বিবাদ বা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই অশান্তি। তবে ভোট-পরবর্তী এই ঘটনার জেরে জেলায় চাপানউতর যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।







