মালদা জেলার রতুয়া-১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধুটোলা এলাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা এখন রীতিমতো মৃত্যুফাঁদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ছবি—কাদায় আটকে পড়া অটো ঠেলে পার করছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হালফিলে শুরু হওয়া রাস্তার সংস্কারকাজ মাঝপথেই থমকে গেছে। ফলে খোঁড়া রাস্তা বৃষ্টির জলে একাকার, হাঁটুসমান কাদা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসেন। ৮ থেকে ৮০—সব বয়সের মানুষ একসঙ্গে দাবি তোলেন: “তৎক্ষণাৎ রাস্তার কাজ শেষ করতেই হবে!”
সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রায় ১.৩৭ কোটি টাকার পেভার ব্লক রাস্তার কাজের বরাদ্দ হয়েছিল। কাজের শিলান্যাসও হয় কয়েক মাস আগে। কিন্তু শুরু হওয়ার ১৫ দিনের মধ্যেই থমকে যায় কাজ।
এ বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য মঙ্গলি চৌধুরীর প্রতিনিধি লাল্টু চৌধুরী আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই রাস্তার কাজ ফের শুরু হবে।
তবু প্রশ্ন থেকে যায়—শিলান্যাস করলেই কি উন্নয়ন শেষ? না কি জনগণের কাদা ঠেলা আর ভাইরাল ছবি দেখলেই টনক নড়ে প্রশাসনের?







