যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের গ্রিনউড থেকে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। মাত্র ১২ বছর বয়সে মা হতে চলেছে এক কিশোরী—আর সেই ঘটনাকে ঘিরে পরিবারের তরফে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান।
যে বয়সে সাধারণত খেলাধুলা, পড়াশোনা আর শৈশবের আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সেই মাতৃত্বের মতো গুরুদায়িত্ব নিতে চলেছে ওই কিশোরী। বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে, যখন দেখা যায়—এই ঘটনাকে ঘিরে কোনও অনুশোচনা নয়, বরং উৎসবের আমেজ তৈরি করেছেন তার পরিবার।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কিশোরীটি তার বেবি বাম্প প্রদর্শন করছে এবং পাশে দাঁড়িয়ে রয়েছে তার ১৩ বছর বয়সী সঙ্গী। চারপাশে সাজানো রঙিন বেলুন, উপহার ও আকর্ষণীয় সাজসজ্জা—সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ। প্রথমে বিষয়টি সাধারণ উদযাপন মনে হলেও, বয়সের তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।
জানা গিয়েছে, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলি প্রথম প্রকাশ্যে আসে এবং সেখান থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনেকেই এই ঘটনাকে ‘নৈতিক অবক্ষয়ের উদাহরণ’ বলে কড়া সমালোচনা করেছেন। প্রশ্ন উঠেছে—১২ বছরের একটি শিশু কীভাবে মা হওয়ার মতো শারীরিক ও মানসিক চাপ সামলাবে?
বিশেষজ্ঞরা বলছেন,এত অল্প বয়সে গর্ভধারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে মা ও সন্তানের উভয়ের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। পাশাপাশি মানসিক দিক থেকেও এর প্রভাব গভীর হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনও আইনি পদক্ষেপের খবর না মিললেও, এই ঘটনাকে ঘিরে কিশোরী গর্ভধারণ এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন—কিছুটা সামাজিক স্বীকৃতি বা জনপ্রিয়তার জন্য কি শৈশবকে এভাবে বলি দেওয়া উচিত?
সমাজের একাংশ মনে করছে, এই ঘটনা শুধু সমালোচনার নয়, বরং সচেতনতারও বড় বার্তা বহন করছে।







