বলিউডে ফের ২৬/১১-এর স্মৃতি ফিরছে নতুন আঙ্গিকে। কঙ্গনা রানাউত-এর আসন্ন ছবি ‘ভারত ভাগ্যবিধাতা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। পোস্টারের মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ই জুন মুক্তি পেতে চলেছে এই ছবি।
পোস্টারে ‘মুম্বই আন্ডার অ্যাটাক’ লেখা স্পষ্ট, যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে ২৬/১১ মুম্বই হামলার প্রেক্ষাপটে তৈরি এই গল্পের দিকে। আতঙ্কে ভরা হাসপাতালের দৃশ্য, নার্সদের উদ্বিগ্ন মুখ এবং জঙ্গিদের ছায়া, সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ঘটনাস্থল একটি হাসপাতাল, যেখানে জীবন-মৃত্যুর টানাপোড়েনই ছবির মূল আবেগ তৈরি করবে। জানা যাচ্ছে, কঙ্গনা নিজেই এখানে এক নার্সের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর সঙ্গে রয়েছেন গিরিজা ওক, তিনিও একজন নার্সের চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মনোজ তাপাদিয়া।
হাসপাতালের কর্মীদের সাহস ও মানবিকতার গল্পই এই ছবির কেন্দ্রবিন্দু বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ছবির পাশাপাশি কঙ্গনা ব্যস্ত রয়েছেন আরও একটি বড় প্রজেক্ট নিয়ে। দক্ষিণ মুম্বইয়ে শুরু হয়েছে ক্যুইন ২-এর শুটিং। ২০১৪ সালের ক্যুইন-এর বিপুল সাফল্যের পর এই সিক্যুয়েল ঘিরেও প্রত্যাশা তুঙ্গে। সংসদীয় দায়িত্ব সামলানোর পাশাপাশি শুটিং—দু’দিকেই সমান তালে কাজ করতে হচ্ছে অভিনেত্রীকে।







