রাজ্য

চাকরি গেল, এবার কি ফেরত দিতে হবে কোটি টাকার বেতন? আতঙ্কে SSC চাকরিহারারা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের জীবনে নেমে এসেছে নতুন অনিশ্চয়তা। আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপ্ত বেতন সুদ-সহ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে—এমন খবর সামনে আসতেই চরম উদ্বেগে বহু পরিবার। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।

কলকাতা হাই কোর্টের নির্দেশে বহু নিয়োগ বাতিল হয়। আদালত জানায়, প্যানেলের বাইরে নিয়োগ, মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে চাকরি কিংবা ফাঁকা ওএমআর জমা দিয়েও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বেতন সুদ-সহ ফেরত দিতে হবে। পরে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। যদিও বিষয়টি নিয়ে এখনও একাধিক মামলা বিচারাধীন।

চাকরিহারাদের দাবি, সুদ-সহ টাকা ফেরতের অঙ্ক মাথাপিছু ৪৪ থেকে ৫০ লক্ষ টাকায় পৌঁছতে পারে, যা অধিকাংশ পরিবারের পক্ষেই অসম্ভব। সিউড়ির এক শিক্ষিকা শতাব্দী সরকার বলেন, তিনি নিয়ম মেনে পরীক্ষা দিয়েছিলেন এবং দীর্ঘ সাড়ে ছয় বছর স্কুলে পড়িয়েছেন। তাঁর প্রশ্ন, “আমাদের শ্রমের কি কোনও মূল্য নেই?”

একদিকে চাকরি হারানোর ধাক্কা, অন্যদিকে বিপুল অর্থ ফেরতের আশঙ্কায় মানসিক ও আর্থিক সঙ্কটে ভুগছেন বহু শিক্ষক-শিক্ষাকর্মী। কারও সন্তানের পড়াশোনা, কারও চিকিৎসার খরচ—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এখন তাঁদের একটাই আশা, আদালত প্রকৃত দুর্নীতিগ্রস্ত ও মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্পষ্ট পার্থক্য করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.