প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দিনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টি হতে পারে শহরের বিভিন্ন অংশে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়াও দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি ২১ থেকে ২৩ মে-র মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।







