মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে বঙ্গ জুড়ে। শনি ও রবি দু’দিনই কলকাতার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। সোমবারও একইরকম পরিস্থিতি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। এর মাঝে রাজ্যে একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহেই খুব দ্রুত আবহাওয়ার বদল ঘটতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।ভোরের দিকে কলকাতা এবং তৎসংলগ্ন দমদম অঞ্চলে কুয়াশা দেখা দিচ্ছে। বিগত কয়েকদিন ধরে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ায় তাই ভোরের দিকে দৃশ্যমানতা কমছে তিলোত্তমায়। তবে কিছুটা বেলা গড়ালেই তা ঠিক হয়ে যাচ্ছে। তবে আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা।
দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তিতে শীতের দাপট একটু কমল বটে। সামান্য বাড়লো তাপমাত্রা। তবে শীতের স্পেল আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা থাকবে। পশ্চিমের পুরুলিয়া জেলায় আজও শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে । ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নেমে গেছে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী দু-দিনে একই রকম তাপমাত্রা থাকবে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আগামী ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ১৬ জানুয়ারি অর্থাৎ, মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জেলায়। ১৭ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি, অর্থাৎ, বৃহস্পতিবার, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।







