বাঙালির রান্নাঘরে চিংড়ি মাছ মানেই আলাদা আকর্ষণ। ভাত, পোলাও কিংবা গরম গরম লুচি—সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই সুস্বাদু পদ। সপ্তাহান্তের পারিবারিক আড্ডা হোক কিংবা অতিথি আপ্যায়ন, সহজেই মন জয় করতে পারে চিংড়ির বিশেষ রেসিপি। খুব কম সময়ে, কম উপকরণেই তৈরি করা যায় মুখরোচক এই পদ।
কী কী লাগবে?
চিংড়ি মাছ – ৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
টমেটো বাটা – ১টি
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – আধা চা চামচ
নারকেলের দুধ – ১ কাপ
নুন ও চিনি স্বাদমতো
সর্ষের তেল – পরিমাণমতো
কীভাবে বানাবেন?
প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষে নিন। তারপর আদা-রসুন বাটা, টমেটো ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মিশ্রণটি কষাতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ে।
এরপর নারকেলের দুধ ঢেলে ফুটতে দিন। ঝোল একটু ঘন হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ৫-৭ মিনিট ঢেকে রান্না করুন। শেষে সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু চিংড়ির পদ।
পরিবেশন টিপস
গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে একেবারে রেস্তোরাঁর মতো। চাইলে ওপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। পরিবারের সবাই আঙুল চাটতে বাধ্য!







