বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে সংশোধন এনে এবার পাসপোর্ট সংক্রান্ত তথ্য জমা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীর কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ— যে কোনও ধরনের পাসপোর্ট থাকলে তার পূর্ণ বিবরণ লিখিত আকারে জমা দিতে হবে। পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ, ইস্যুর স্থান এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে সেই পাসপোর্ট জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। সংশোধিত বিধিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে, যা ১সি তফসিলের পরে সংযোজিত হবে।
নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ আরও স্পষ্ট করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।







