২২ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ভারতসেরা হল ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে প্রথমবার খেতাব ঘরে তুলল লাল-হলুদ শিবির। অস্কার ব্রুজোঁর দল ইন্টার কাশীর বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তনের জয় ছিনিয়ে নেয়। আর সেই জয়ের সঙ্গেই রচিত হল নতুন ইতিহাস।
খেতাব জিততে এদিন শুধু জয়ই দরকার ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ম্যাচের শুরুটা মোটেই স্বস্তির ছিল না। ১৩ মিনিটেই আলফ্রেডের গোলে এগিয়ে যায় ইন্টার কাশী। প্রথমার্ধে পিছিয়ে পড়ায় চাপ বাড়তে থাকে লাল-হলুদ শিবিরের ওপর। কারণ একই সময়ে যুবভারতীতে মোহনবাগানও এগিয়ে ছিল নিজেদের ম্যাচে। ফলে লিগ টেবিলের সমীকরণ মুহূর্তে বদলে যাচ্ছিল।
তবে দ্বিতীয়ার্ধে যেন বদলে যায় ইস্টবেঙ্গলের চেহারা। খোঁচা খাওয়া বাঘের মতো আক্রমণে ঝাঁপিয়ে পড়ে অস্কার ব্রুজোঁর ছেলেরা। ৫০ মিনিটে মাঝমাঠ থেকে আনোয়ারের দুরন্ত পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সমতা ফেরান ইউসেফ এজ়েজারি। সেই গোলেই ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল।
এরপর ৫৮ মিনিটে নন্দকুমারকে মাঠে নামান অস্কার। অভিজ্ঞ এই ফুটবলার নামার পর থেকেই উইং দিয়ে একের পর এক আক্রমণে চাপে পড়ে কাশীর রক্ষণ। আর সেই চাপ থেকেই আসে জয়সূচক গোল। ম্যাচের ৬২ মিনিটে বিপিন সিংয়ের নিখুঁত ক্রস থেকে চলতি বলে দুর্দান্ত চিপ শটে গোল করেন মহম্মদ রশিদ। সেই গোলেই কার্যত খেতাব নিশ্চিত হয়ে যায়।
শেষদিকে কাশী চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। অন্যদিকে মোহনবাগান স্পোর্টিং দিল্লিকে ২-১ ব্যবধানে হারালেও কোনও লাভ হয়নি। গোল ব্যবধানে অনেকটাই এগিয়ে থাকায় ট্রফি উঠল লাল-হলুদ শিবিরের হাতেই।
২০০৪ সালে সুভাষ ভৌমিকের হাত ধরে যে সোনালি অধ্যায়ের জন্ম হয়েছিল, ২০২৬ সালে অস্কার ব্রুজোঁর দল যেন সেই ইতিহাসকেই নতুন করে ফিরিয়ে আনল।







