মুল্লানপুরে আজ শুক্রবার ‘মরন বাঁচন’-এর লড়াই। গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স—আইপিএল এলিমিনেটরে হারলেই ছিটকে যেতে হবে এবারের আসর থেকে। জেতার বিকল্প নেই। ফাইনালে যাওয়ার রাস্তা তখনই খুলবে। কিন্তু দুই দলই তাদের একাধিক বড় বিদেশি ক্রিকেটারকে হারিয়েছে গুরুত্বপূর্ণ সময়ে। ফলে প্রশ্ন, এমন চাপের ম্যাচে কারা সামলাবে দলের হাল?
টানা দু’বার ফাইনাল খেলা গুজরাট এবারও ছন্দে। অধিনায়ক শুভমন গিল এবং সাই সুদর্শনের ওপেনিং জুটি দলকে ব্যাটে ভরসা জুগিয়েছে গোটা লিগে। দু’জনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬৪৯ ও ৬৭৯ রান। কিন্তু জস বাটলার এবং কাগিসো রাবাডার অনুপস্থিতি বড় ধাক্কা। বিশেষ করে বাটলারের তিন নম্বরে থাকা গুজরাটের ব্যাটিং মেরুদণ্ড ছিল। তাঁকে ছাড়া ব্যাটিং গভীরতা কমবে বইকি।
অন্যদিকে মুম্বইও পড়েছে বিপাকে। উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন এবং অল-রাউন্ডার উইল জ্যাকসকে ছাড়াই নামতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার দলকে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে রিকেলটন ছিলেন কার্যকর। জ্যাকসের মারমুখী ব্যাটিং ও অফস্পিনের প্রভাব পড়েছে একাধিক ম্যাচে। এঁদের না থাকায় দলের ভার পড়েছে সূর্যকুমার যাদব ও বুমরার কাঁধে।
যদিও অভিজ্ঞতার নিরিখে মুম্বইয়ের ঝুলিতেই বেশি শিরোপা। পাঁচবার ট্রফি জেতা দলটি এলিমিনেটর চাপ বুঝে সামলাতে পারে। কিন্তু চলতি মরসুমে দলটির পারফরম্যান্স ওঠানামায় ভরা। অধিনায়ক হার্দিক নিজেও ছন্দে নেই। সেখানে গুজরাট অনেক বেশি ‘প্ল্যানড’ ক্রিকেট খেলেছে।
ম্যাচের আগের দিন গুজরাট শিবিরে স্বস্তি, দলের ব্যাটিং অর্ডার বেশ জমাট। অন্যদিকে, বোলিংয়ে বুমরাহ ফর্মে থাকলেও তাঁকে সঙ্গ দেবে কে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে মুম্বই শিবিরে। ফাইনালে পৌঁছনোর দৌড়ে কারা এগিয়ে থাকবে, তা নির্ধারণ হবে আজকের রাতেই।
সাসপেন্স, চাপে ভরা এই এলিমিনেটর ম্যাচে অপেক্ষা শুধু সময়ের—কে নায়ক, কে বিদায়ী!







