কলকাতার পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। সড়ক ও মেট্রোরেলের পর এবার গঙ্গার বুকে চালু হতে পারে আধুনিক ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্য সরকার এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে এবং ইতিমধ্যেই তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রাজ্য সূত্রে খবর, কেরলের কোচি ওয়াটার মেট্রোর মডেল অনুসরণ করে কলকাতায় চালু হবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক হাইব্রিড বোট। সম্পূর্ণ ব্যাটারি-চালিত এই জলযানগুলি দ্রুত, নিরাপদ এবং দূষণমুক্ত যাতায়াতের সুযোগ দেবে। প্রশাসনের দাবি, এতে গঙ্গার পরিবেশের কোনও ক্ষতি হবে না।
সরকারের মতে, ওয়াটার মেট্রো চালু হলে গঙ্গার দুই পারের যোগাযোগ আরও সহজ হবে। একইসঙ্গে শহরের রাস্তায় যানজট ও গাড়ির চাপ কমবে, বায়ুদূষণও নিয়ন্ত্রণে আসবে। কম খরচে ও স্বল্প সময়ে যাত্রীরা জলপথে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারবেন।
দেশের প্রথম মেট্রো শহর কলকাতায় এই প্রকল্প বাস্তবায়িত হলে নগর পরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে প্রশাসন।







