তৃণমূল কংগ্রেসের অন্দরে তহবিল নিয়ে চলা দ্বন্দ্ব এবার নতুন মোড় নিল। দলের প্রায় ৪৪০ কোটি টাকা থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ জারি করেছে পুলিশ। ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও অর্থ তোলা বা লেনদেন করা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে চলে এসেছে।
সূত্রের খবর, এইচডিএফসি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টকে ঘিরেই মূল বিতর্ক। গত কয়েকদিন ধরে দলীয় তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে মতবিরোধ তীব্র আকার নেয়। একদিকে ছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবির।
জানা গিয়েছে, ঋতব্রত-পন্থী ১০ জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট তহবিলের অর্থের উৎস ও লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রশাসন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অ্যাকাউন্টগুলিতে ‘ডেবিট ফ্রিজ’ জারির নির্দেশ দেয় বলে সূত্রের দাবি।
এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট করেছেন যে, দলের কোষাধ্যক্ষ পদে পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে। তাঁর বক্তব্য, গত ৫ জুন দলের কার্যসমিতির বৈঠকে সর্বসম্মতভাবে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস বর্তমানে ওই পদে নেই বলেও তিনি জানান।
তৃণমূলের অন্দরে কয়েকশো কোটি টাকার তহবিলকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। পুলিশি হস্তক্ষেপে অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার পথ আপাতত বন্ধ হয়ে যাওয়ায় দলের অভ্যন্তরীণ সংঘাত আগামী দিনে আরও বাড়তে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।







