মেডিক্যালে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট (NEET)-এর পুনঃপরীক্ষা রবিবার দেশজুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিহারে সামনে এল চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তল্লাশি চালিয়ে মোট ৩০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের লাখিসারাই জেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে সন্দেহভাজনদের ওপর নজরদারি চালানো হচ্ছিল। সেই সময়ই ধরা পড়ে এই ভুয়ো পরীক্ষার্থী চক্রের হদিশ। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রকৃত পরীক্ষার্থীদের বদলে পরীক্ষা দিতে এসেছিলেন তাঁরা। ধৃতদের সকলেই বিহারের বাসিন্দা। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই জালিয়াতির পিছনে একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে। সেই সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সেই পরীক্ষা বাতিল করা হয়। এরপর রবিবার নতুন করে পুনঃপরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার নিরাপত্তা জোরদার করতে একাধিক পদক্ষেপ নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
এবার পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়। পাশাপাশি প্রশ্ন ফাঁস ঠেকাতে টেলিগ্রাম অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং প্রশ্নপত্র দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদে পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়। এত কড়া নিরাপত্তার মধ্যেও বিহারে ভুয়ো পরীক্ষার্থী চক্রের হদিশ মেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







