রাজনীতিরাজ্য

বাজেট ইস্যুতে তড়িঘড়ি বিরোধিতা নয়, বিধায়কদের সংযত থাকার বার্তা মমতার

নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে অযথা বিরোধিতার পথে না হাঁটার বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি জানান, সরকার সদ্য দায়িত্ব নিয়েছে। তাই তাদের কিছুটা সময় দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য কী ধরনের সহায়তা বা প্রকল্প পেতে পারে, তা আগে পর্যবেক্ষণ করা প্রয়োজন। পরবর্তীতে বাজেট নিয়ে কোনও আপত্তি বা মতামত থাকলে তা যথাযথ সময়ে তুলে ধরা যেতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর বিরোধিতার ক্ষেত্রে আরও সতর্ক ও পরিকল্পিত কৌশল নিতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

কালীঘাটের বৈঠকে দলীয় বিধায়কদের সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই সূত্রের দাবি। এ প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “সরকার এখনও নতুন। তাই আমরা চাই তাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। শুরুতেই প্রতিটি পদক্ষেপের নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা করা উচিত নয়। সাধারণ মানুষও বিষয়টিকে ভালোভাবে নেবেন না। ইতিমধ্যেই মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু বুঝতে শুরু করেছেন।”

একই সঙ্গে তৃণমূলের আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হওয়া উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলি বর্তমান সরকার বজায় রাখবে। কুণাল ঘোষের বক্তব্য, “পূর্ববর্তী সরকারের হাতে শুরু হওয়া গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির কাজ অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, যেগুলির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, সেগুলিও যেন কোনও অজুহাতে বন্ধ না করা হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.