দুর্গাপুজো শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের কোথাও হকার উচ্ছেদ করা হবে না। আগামী অক্টোবর পর্যন্ত উচ্ছেদ অভিযান সম্পূর্ণ স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা।
অসিত সাহার বক্তব্য, রাজ্যজুড়ে হকারদের মধ্যে যে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর আশ্বাসে আপাতত তা অনেকটাই দূর হয়েছে। তিনি জানান, উৎসবের মরশুমে সাধারণ মানুষের পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই পুজো শেষ না হওয়া পর্যন্ত কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না।
রেলের আওতাধীন হকারদের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীন হলেও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।
এদিকে হকারদের পুনর্বাসন এবং ভবিষ্যৎ নীতিমালা নিয়ে আগামী সপ্তাহে পুর দপ্তরের সচিবের সঙ্গে হকার্স সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে হকারদের পরিচয়পত্র, পুনর্বাসন এবং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের লক্ষাধিক হকার পরিবার আপাতত স্বস্তি পেয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন রেলস্টেশন ও বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চলেছে। একাধিক জায়গায় নোটিস জারি হওয়ায় বহু হকার সমস্যার মুখে পড়েন এবং পুনর্বাসনের দাবি তোলেন। সেই পরিস্থিতির মধ্যেই হকারদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার।







