বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় এখনও থামেনি জনরোষ। মঙ্গলবার নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল এলাকার সাংসদ সায়নী ঘোষকে। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর আগমন ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ ওঠে, ঘটনার তিন দিন পর এলাকায় পৌঁছন তিনি। এমনকি কিছু সময়ের জন্য পরিবারের বাড়ির দরজাও বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার নিহত নাবালিকার বাড়িতে যান একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা, কাকলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ সায়নী ঘোষ। তবে স্থানীয়দের একাংশের প্রশ্নের মুখে পড়েন সাংসদ।
এক বাসিন্দার বক্তব্য, ঘটনার পরপরই সাংসদের এলাকায় আসা উচিত ছিল। আরেকজনের দাবি, দীর্ঘ সময় পরে আসায় তাঁকে প্রথমে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। অনেকেরই প্রশ্ন ছিল, “তিন দিন কোথায় ছিলেন সায়নী ঘোষ?”
পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও শেষ পর্যন্ত নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন সায়নী ঘোষ। পরে তিনি বলেন, মানুষের অভিমান থাকতেই পারে, কিন্তু তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। একই সঙ্গে তিনি দাবি করেন, শুধুমাত্র ধৃতদের শাস্তি নয়, ঘটনার নেপথ্যে যদি আরও বড় কোনও চক্র থেকে থাকে, সেটিও সামনে এনে আইনের আওতায় আনতে হবে।
সাংসদ জানান, সংসদের কাজের কারণে আগে আসতে পারেননি। তবে তিনি আশ্বাস দেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও কঠোর শাস্তির দাবিতে তিনি সরব থাকবেন।
এদিকে তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাচ্ছে পুলিশ। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরায় উঠে এসেছে, ঘটনার আগে অভিযুক্তদের কয়েকজন একটি ঝুপড়িতে বসে মদ্যপান করছিল। তদন্তকারীদের দাবি, পরিকল্পনা করেই নাবালিকাকে সেখানে ডেকে আনা হয়। এরপর তাঁর উপর নৃশংস অত্যাচার চালানো হয়। জেরায় আরও জানা গিয়েছে, অত্যাচারের পর অভিযুক্তরা কিশোরীকে মৃত ভেবে বস্তাবন্দি করে একটি পুকুরে ফেলে দেয়। দেহ ফেলার সময় বস্তা ছিঁড়ে যাওয়ায় সেটি পরে উদ্ধার হয়।
পুলিশের দাবি, এই ঘটনায় জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাতেও চলছে সরেজমিনে তদন্ত। নিহত কিশোরীর পরিবার দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।







