অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। শুটিং চলাকালীন বিষাক্ত পোকা বা মাকড়সার কামড়ে আক্রান্ত হওয়ার পর তিনি বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেতাকে।
জানা গিয়েছে, অভিনেতা প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র শুটিং চলাকালীন হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই ঘটনা ঘটে। শট শেষ করে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই তিনি অনুভব করেন, কোনও পোকা তাঁকে কামড়েছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে কলকাতায় ফিরে আসেন রাজেশ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ডান পায়ে তীব্র ব্যথা ও সংক্রমণ দেখা দেয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর চলচ্চিত্র জগতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের অভিযোগ, শুটিং সেটে জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
AICWA-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা এক বিবৃতিতে প্রশ্ন তুলেছেন, যদি রাজেশ শর্মা শুটিং সেটেই বিষাক্ত পোকায় আক্রান্ত হয়ে থাকেন, তবে তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় কোনও উন্নত হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কেন। পাশাপাশি, অভিনেতার চিকিৎসার সমস্ত খরচ প্রযোজনা সংস্থার বহন করা উচিত বলেও দাবি জানিয়েছে সংগঠন।
সংগঠনের স্পষ্ট বক্তব্য, ছবির বাজেট যত বড়ই হোক না কেন, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দায়িত্ব এড়ানো যায় না। তদন্তে যদি কোনও গাফিলতির প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।







