বিনোদন

চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বরের আশীর্বাদ, রাজকুমার রাও ও পত্রলেখার কোলে এলো প্রথম সন্তান

মাতৃত্বের স্বাদ কে না পেতে চান? সেই অনুভূতি এক আলাদাই খুশির জোয়ার এনে দেয়। এই খুশির জোয়ারে ভাসলেন আরও এক তারকা দম্পতি। এর আগে চলতি বছর পরপর মা-বাবা হলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা, ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। শনিবার সেই তালিকায় নতুন সংযোজন হলো তারকা দম্পতির, রাজকুমার রাও ও পত্রলেখা। তারা ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

প্রসঙ্গত, অনেক বছর সম্পর্কে থাকার পর ২০২১-এর ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। বিয়ের পর থেকেই একাধিক বার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর ছড়িয়েছিল। অবশেষে চলতি বছরের জুলাইয়ে তারকা দম্পতি সেই খবরে সিলমোহর দিলেন। ঘোষণা করলেন, তাঁরা খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন।

অবশেষে শনিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন এই তারকা দম্পতি। নতুন মা-বাবা হয়ে খুবই উচ্ছ্বসিত পত্রলেখা ও রাজকুমার। এ দিন তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী, আর সেই দিনেই তাঁরা নতুন প্রাণের জন্ম দিলেন। নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের খুশী ব্যক্ত করে রাজকুমার লেখেন,“আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।” পরে তারকা দম্পতি একটি যৌথ বার্তায় লেখেন,“আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।”জানা গিয়েছে ভাল আছেন সদ্যোজাত কন্যা এবং মা পত্রলেখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.