নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের শংকরপুর উপকূলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবী-সহ একটি ট্রলার নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে। নির্ধারিত সময়ে ট্রলারটি মৎস্যবন্দরে না ফেরায় এবং দীর্ঘ সময় কোনও যোগাযোগ না হওয়ায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, উপকূল থানার পুলিশ এবং প্রশাসন যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ট্রলারটির নাম ‘মা কালী’। ট্রলারটি রামনগর থানার দেউলিবাংলা এলাকার বাসিন্দা অভিজিৎ বেরার মালিকানাধীন। চলতি মাসের শুরুতে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ট্রলারটি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেটি বন্দরে না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে। ট্রলারে থাকা ১৫ জন মৎস্যজীবীর কারও সঙ্গেই এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পাওয়ার পরই বিষয়টি জানানো হয় শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনকে। পাশাপাশি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশের কাছেও বিষয়টি পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার রাতে শংকরপুর মৎস্যবন্দরে পৌঁছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী রাজেশ মাহাতো। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহাও। প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা মৎস্য অধিকর্তা সুমন সাহা জানিয়েছেন, ট্রলার নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও উপকূল থানাকে সতর্ক করা হয়েছে। সমুদ্রে থাকা অন্যান্য ট্রলারগুলিকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, দ্রুতই নিখোঁজ ট্রলার এবং মৎস্যজীবীদের সন্ধান মিলবে।







