খেলাধুলা

যুব বিশ্বকাপে তৃষার রেকর্ড গড়া শতকে ছুটছে ভারতের বিজয়ী রথ

কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভারতের ওপেনার গঙ্গাদি তৃষা গড়লেন ইতিহাস। ৫৯ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলে তৃষা বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরির মালিক হন। তার অসাধারণ ইনিংসের কল্যাণে ভারত ২০৮t রানের বিশাল সংগ্রহ গড়ে স্কটল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দেয়।

তৃষার ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা। ওপেনিং জুটিতে জি কামালিনির সঙ্গে ১৪৭ রানের পার্টনারশিপ করে ভারতকে শক্ত ভিত গড়ে দেন তিনি। কামালিনি ৪২ বলে ৫১ রান করেন, তাকে ১৪তম ওভারে ফিরিয়ে দেন মেইসি মাসেইরা। এরপর তৃষা ও সানিকা চালকে (অপরাজিত ২৯) রান তুলতে থাকেন। সাথে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর নিশ্চিত করেন।

স্কটল্যান্ডের ব্যাটাররা ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। ১৫.২ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বাঁহাতি স্পিনার আয়ুষি শুক্লা ৮ রানে ৪ উইকেট তুলে নেন। তার সঙ্গে বৈষ্ণবী শর্মা ৫ রানে ৩ উইকেট শিকার করেন। এরপর তৃষা নিজের লেগব্রেক দিয়ে স্কটল্যান্ডের টেলএন্ডারদের গুঁড়িয়ে দিয়ে ৬ রানে ৩ উইকেট নেন।

এই বিশাল জয়ের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া সুপার সিক্সের গ্রুপ ১ থেকে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ভারতের এই জয় তাদের শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.