রবিবার ছুটির দিনেও আবহাওয়ার দুর্যোগ থেকে রেহাই নেই বাংলার মানুষের। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জল জমে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তার মধ্যেই নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একাধিক বায়ুমণ্ডলীয় পরিস্থিতির প্রভাবে রাজ্যে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শক্তিশালী মৌসুমি অক্ষরেখার পাশাপাশি উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং আরও কয়েকটি বায়ুপ্রবাহের কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ফলে আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি সহজে বদলানোর সম্ভাবনা নেই।
রবিবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
শুধু রবিবার নয়, সোমবারও দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের পরামর্শ, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো। বের হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।







