আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে ভারত চ্যাম্পিয়ন হবে কি না, তা নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়েছে। অনেক সমর্থক দেড় বছর আগে থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। এর নেপথ্যে রয়েছে এক অদ্ভুত পরিসংখ্যান। সম্প্রতি ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স হয়েছে আর্জেন্টিনা। সেই কারণেই অনেকের বিশ্বাস, এবার ওয়ানডে বিশ্বকাপেও ট্রফি উঠতে পারে ভারতের হাতেই। কিন্তু ফুটবল বিশ্বকাপের ফলাফলের সঙ্গে ভারতের ক্রিকেট সাফল্যের সম্পর্ক কোথায়?
ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এর আগে ২০১০ সালেও আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোলেই বিশ্বকাপ জিতেছিল ‘লা রোহা’। সেই জয়ের পরের বছর, অর্থাৎ ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। তাই অনেক নেটিজেনের মতে, স্পেন ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হলেই পরের বছর ভারতও ক্রিকেট বিশ্বকাপ জেতে। সেই পুরনো ইতিহাসই আবার ফিরে আসবে বলে আশাবাদী অনেকে।
১৯৮৩ সালেও কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। যদিও তার আগের ফুটবল বিশ্বকাপে স্পেন নয়, ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই আসরের আয়োজক দেশ ছিল স্পেন। ফলে সেখানেও স্পেনের সঙ্গে এক ধরনের যোগসূত্র খুঁজে পাচ্ছেন সমর্থকদের একাংশ।
অন্যদিকে, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু তার পরের বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে পারেনি ভারত। অতীতেও দেখা গিয়েছে, আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জেতার পরের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাফল্য আসেনি। ১৯৭৯ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল, আর ১৯৮৭ সালে থেমে যেতে হয়েছিল সেমিফাইনালে। তাই এবার স্পেনের বিশ্বজয়ের পর ভারতের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দলকে ঘিরে প্রত্যাশা বাড়ছে। পাশাপাশি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সেই আসরে দেখা যাবে কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটাও অনেকটাই কমেছে।







