বিদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে ঢাকা পুলিশ

বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত ‘সুধা সদন’ থেকে মহম্মদ শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। উল্লেখযোগ্য বিষয়, এই ‘সুধা সদন’ই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ছিল। বর্তমানে ভবনটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখান থেকে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মহম্মদ ওয়াদুজ্জামান জানান, পরিত্যক্ত ভবনের ভিতরে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

মৃত শাকিলের স্ত্রী ফারজানা ইসলাম ধানমন্ডি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেল সাড়ে ৩টা নাগাদ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রসঙ্গত, ‘সুধা সদন’ ছিল আওয়ামি লিগের সভাপতি ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন। তাঁর স্বামী, পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ‘সুধা মিয়া’ থেকে বাড়িটির নামকরণ করা হয়েছিল। একসময় এটি আওয়ামি লিগ সভাপতির ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ঢাকা পুলিশ। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনার ফল—সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না তদন্তকারীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আওয়ামি লিগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.