শিক্ষা

শিক্ষা দফতরেও রঙ বদলের হাওয়া! গেরুয়া হচ্ছে বিকাশ ভবনের নামফলক

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে দৃশ্যমান পরিবর্তনের ধারা আরও জোরালো হচ্ছে। নবান্নের পর এবার শিক্ষা দফতরের সদর দফতর বিকাশ ভবন-এর নামফলকেও গেরুয়া রং ব্যবহার করার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

বর্তমানে বিকাশ ভবনের মূল ভবন নীল-সাদা রঙেই থাকছে। তবে প্রশাসনিক মহলে জোর জল্পনা, আপাতত নামফলকের রং পরিবর্তন হলেও ভবিষ্যতে পুরো ভবনের বাহ্যিক রং পরিবর্তনের বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।

বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই নবান্নের নামফলক গেরুয়া রঙে বদলে দেওয়া হয়। সেই সিদ্ধান্তের পর এবার বিকাশ ভবনেও একই ধরনের পরিবর্তন প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ধাপে ধাপে অন্যান্য সরকারি ভবন ও দফতরেও একই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।

প্রশাসনিক ভবনের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ২০২২ সালে চালু হওয়া সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির নীল-সাদা ইউনিফর্মের পরিবর্তে আগের পরিচিত রঙ ফিরিয়ে আনার কথা জানিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন।

অন্যদিকে, রাজ্য পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর পোশাকেও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যদের জন্য গোলাপি ও কমলা রঙের নতুন ইউনিফর্ম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সব মিলিয়ে, সরকার পরিবর্তনের পর শুধু নীতিগত নয়, প্রশাসনিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের ধারাই এখন স্পষ্ট হয়ে উঠছে। এই পদক্ষেপগুলিকে নতুন সরকারের প্রশাসনিক পরিচয় তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.