তৃণমূল আমলে চাকরি বাতিল হওয়া ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে। নতুন করে জটিলতা তৈরি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা। কিন্তু তার আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাইয়ের কাজ আপাতত স্থগিত করে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ফলে থমকে গেল নিয়োগের গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ শেষ না হলে রাজ্য কি সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চাইবে, নাকি ৩১ অগস্টের পর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষকদের?
নিয়োগ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে তৃণমূল জমানায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। পরে তাঁদের ফের নিয়োগের জন্য নতুন করে পরীক্ষায় বসানো হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা বেতন পাবেন। সেই বেতন পাওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ অগস্ট। তবে শিক্ষাকর্মীরা এখনও বেতন পাচ্ছেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে শিক্ষকদের বেতন নিয়েও তৈরি হতে পারে নতুন জটিলতা।
এরই মধ্যে সোমবার বিজ্ঞপ্তি জারি করে একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২, ১৩ এবং ১৭ অগস্ট যে নথি যাচাই হওয়ার কথা ছিল, তা আপাতত বন্ধ রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের গত ৭ অগস্টের নির্দেশিকার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের পর ওবিসি তালিকায় যুক্ত হওয়া ৭৭টি সম্প্রদায়ের স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই ৭৭টি সম্প্রদায়ের মধ্যে ৭৫টিই মুসলিম সম্প্রদায়। ২০২৪ সালের মে মাসে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। তবে বিজেপি ক্ষমতায় আসার পর জানিয়ে দেয়, ওবিসি তালিকা সংক্রান্ত সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হবে। সেই অনুযায়ী মামলা প্রত্যাহার করে রাজ্য সরকার। ফলে ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত ৬৬টি সম্প্রদায়কেই বর্তমানে ওবিসি তালিকায় রাখা হয়েছে। বাদ পড়েছে ৭৭টি সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি। এই সংক্রান্ত জটিলতার কারণেই একাদশ-দ্বাদশের নথি যাচাই আপাতত স্থগিত বলে জানা গিয়েছে।
আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “৩১ অগস্টের পর কী হবে, তা নিয়ে আমরা কেউই নিশ্চিত নই। আমাদের চাকরি থাকবে কি না, সেটাও জানি না। এতদিন নবম-দশমের ভেরিফিকেশন চলছিল। একাদশ-দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়েছিল, কয়েকজনের ক্ষেত্রে তা বাকি ছিল। এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটাই বুঝতে পারছি না। এখনও কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু এখনও কোনও সদুত্তর পাইনি।”







