কেন্দ্র

কেন্দ্রীয় আধিকারিক ঘুষ চাইলে সরাসরি CBI-কে জানান, নম্বর প্রকাশ্যে

সরকারি দফতরে কাজ করাতে গিয়ে ঘুষ চাওয়া হলে এবার আর চুপ করে থাকার প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ জানাতে সাধারণ মানুষের জন্য সরাসরি যোগাযোগের নম্বর প্রকাশ করল সিবিআই। কলকাতার বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে এ নিয়ে সচেতনতামূলক ব্যানারও দেওয়া হচ্ছে।

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, কোনও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান—ব্যাঙ্ক, ডাকঘর, রেল, আয়কর দফতর কিংবা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার আধিকারিক ঘুষ চাইলে দ্রুত কলকাতার দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর জন্য দেওয়া হয়েছে ০৩৩-২২৮৯-৪৪০৩ এবং ৯০৫১৬১৩৪৫৬ নম্বর।

শুধু অভিযোগ নেওয়াই নয়, ঘুষ সংক্রান্ত তথ্য জানালে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে কোনও সরকারি কাজ করাতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি সিবিআইয়ের দ্বারস্থ হতে পারবেন।

রাজ্যে সিবিআই তদন্তের ক্ষেত্রে ‘জেনারেল কনসেন্ট’ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। অতীতে সারদা মামলাকে কেন্দ্র করে এই সম্মতি প্রত্যাহার করেছিল তৎকালীন রাজ্য সরকার। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই সাধারণ সম্মতি পুনরায় দেওয়া হয়। তার পর থেকেই কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নজরদারি আরও জোরদার করেছে সিবিআই।

প্রশাসনিক মহলের মতে, ঘুষ চাওয়ার ঘটনা অনেক সময় প্রকাশ্যে আসে না। সরকারি পরিষেবা বা কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যাওয়ার আশঙ্কায় বহু মানুষ অভিযোগ করতেও পিছিয়ে যান। সেই জায়গাতেই সাধারণ মানুষকে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ করে দিতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

সিবিআইয়ের বার্তা স্পষ্ট—কেন্দ্রীয় সরকারি দফতরে ঘুষ চাওয়া হলে নীরব না থেকে দ্রুত অভিযোগ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.