নিজস্ব সংবাদদাতা, কলকাতা: তরুণ প্রজন্মের সঙ্গে সংগঠনের যোগাযোগ আরও নিবিড় করতে সোশ্যাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর প্রচারে জোর দেওয়ার নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত রাজ্যস্তরের প্রশিক্ষণ শিবিরে রাজ্য ও জেলা নেতৃত্বের সামনে এই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়।
শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশল। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা এবং রাজ্য সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ শীর্ষ নেতৃত্ব।
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলা স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে। শুধু প্রচলিত প্রচার নয়, Gen Z এবং নতুন ভোটারদের কাছে পৌঁছতে AI-সহ আধুনিক প্রযুক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও দলের নীতি ও আদর্শের সঙ্গে কোনও আপস করা যাবে না বলেও বার্তা দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ শিবিরে নেতৃত্বের গুণাবলি, মানুষের পাশে দাঁড়ানো এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়। সংগঠনকে আরও শক্তিশালী করতে আগামী ২২ থেকে ৩০ অগস্টের মধ্যে রাজ্যজুড়ে জেলা স্তরের প্রশিক্ষণ শিবির আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
এদিন প্রায় ৩৫০ জন নির্বাচিত প্রশিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সারাদিনের কর্মসূচিতে মোট ১০টি বিষয়ে আলোচনা হয়। Gen Z-র মানসিকতা বুঝে নতুন রাজনৈতিক যোগাযোগ কৌশল তৈরির লক্ষ্যেই বঙ্গ বিজেপির এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।







