উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যজুড়ে রাস্তার হাল ফেরাতে তৎপর প্রশাসন। পুজোর আগে সাধারণ মানুষের যাতায়াত যাতে কোনওভাবেই সমস্যার মধ্যে না পড়ে, সেই লক্ষ্যেই ১২৮টি পুর এলাকায় রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পদস্থ আধিকারিক এবং বিভিন্ন পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকে রাস্তা মেরামতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ১০ অক্টোবরের মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষ করতে হবে।
প্রায় তিন ঘণ্টার এই ভার্চুয়াল বৈঠকে একাধিক পুরসভার কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। জানা গিয়েছে, এখনও কিছু পুরসভা রাস্তা মেরামতির প্রস্তাব রাজ্যের কাছে জমা দেয়নি। সেই প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু প্রস্তাব জমা নয়, যেসব রাস্তার মেরামতির জন্য ইতিমধ্যেই প্রশাসনিক ও আর্থিক অনুমোদন মিলেছে, সেগুলির কাজও যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবগুলিও দ্রুত যাচাই করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শুধু রাস্তা নয়, ‘অম্রুত’ প্রকল্পের আওতায় পানীয় জল সরবরাহ এবং পুকুর সংস্কারের কাজও দ্রুত শেষ করার নির্দেশ এসেছে। পাশাপাশি উৎসবের সময় রাস্তায় ভিড় ও যানবাহনের চাপ বাড়তে পারে, তাই পথনিরাপত্তা নিয়েও পুরসভাগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, পুজোর আগেই রাস্তা থেকে পানীয় জল—পুর পরিষেবার একাধিক ক্ষেত্রে কাজের গতি বাড়াতে চাইছে প্রশাসন। এখন নজর, নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবে কতটা কাজ শেষ হয়।







