রাজ্য

সমুদ্রের দুই প্রান্তে বিপদ! বকখালিতে পর্যটক উদ্ধার, ২৮ দিন পর দীঘার কাছে মিলল নিখোঁজ ট্রলার

সমুদ্র কখনও যেমন টানে পর্যটকদের, তেমনই মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার রূপ। একদিকে বকখালিতে ভাটার টানে গভীর জলে তলিয়ে যেতে বসেছিলেন এক পর্যটক। অন্যদিকে, প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পর দীঘার কাছে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার হল তামিলনাড়ুর একটি মৎস্য ট্রলার। পরপর দুই ঘটনায় নতুন করে সামনে এল সমুদ্রের বিপদের ছবি।

বকখালিতে বেড়াতে এসে বিপদে পড়েন উত্তর ২৪ পরগনার ৫৩ বছরের উদয় বৈরাগ্য। আট জনের একটি পর্যটক দলের সঙ্গে সমুদ্রস্নানে নেমেছিলেন তিনি। সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে কিছুটা গভীর জলে চলে যান উদয়।

হঠাৎ ভাটার টানে তাঁকে সমুদ্রের দিকে টেনে নিতে শুরু করে স্রোত। বিপদ বুঝতে পেরে চিৎকার করতে থাকেন তিনি। বিষয়টি নজরে আসে কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মীদের। উত্তাল জলে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা উদ্ধারকাজে নামেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় উদয়কে জল থেকে টেনে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এর মধ্যেই দীঘার সমুদ্রে ঘটে আর এক নাটকীয় ঘটনা। প্রায় ২৮ দিন ধরে নিখোঁজ ছিল তামিলনাড়ুর ‘মাতুয়ানামা’ নামে একটি মৎস্য ট্রলার। বুধবার দীঘা মোহনার কাছে মাছ ধরতে যাওয়া স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে ট্রলারটি। সমুদ্রে ভাসমান অবস্থায় সেটিকে দেখতে পেয়ে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

জানা গিয়েছে, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর সেটি সমুদ্রে দিকভ্রান্ত হয়ে পড়ে। স্রোতের টানে ভাসতে ভাসতে অবশেষে দীঘা উপকূলের কাছে চলে আসে। ট্রলারটিতে থাকা আট জন মৎস্যজীবীকেই সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

একদিকে পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনলেন উদ্ধারকারীরা, অন্যদিকে দীর্ঘ ২৮ দিন পর নিখোঁজ ট্রলারের সন্ধান—দুই ঘটনায়ই শেষ পর্যন্ত স্বস্তির খবর মিললেও সমুদ্রের আচমকা রূপ বদলের সামনে সতর্ক থাকার বার্তাই আরও একবার স্পষ্ট হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.