রাজ্য

‘বাংলা’ নয়, রাজ্যের নাম থাকবে ‘পশ্চিমবঙ্গ’ই! ইতিহাসের কথা তুলে ধরে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার বিতর্কে এবার স্পষ্ট অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ই থাকবে। কারণ এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের ইতিহাস, রাজ্যের জন্ম এবং বাঙালির আবেগ। তাই এই ঐতিহাসিক পরিচয় কোনওভাবেই পরিবর্তন করা হবে না বলেই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, শুধু রাজ্যের নাম নয়, সরকারি প্রকল্পগুলির নামেও ‘পশ্চিমবঙ্গ’ শব্দটি গুরুত্ব পাবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’। সরকারের দাবি, রাজ্যের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালের দেশভাগের সময় অখণ্ড বাংলার একটি অংশ পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হলেও পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ঐতিহাসিক ঘটনাকেই স্মরণ করিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে একটি জাতির সংগ্রাম, আত্মত্যাগ এবং নতুন রাজ্যের জন্মের ইতিহাস জড়িয়ে রয়েছে। এই নাম বদলে গেলে ভবিষ্যৎ প্রজন্ম সেই ইতিহাস থেকে দূরে সরে যেতে পারে।

পূর্ববর্তী সরকারের পক্ষ থেকে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার যে প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল, সেই প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার সেই প্রস্তাব নিয়ে আগ্রহী নয়। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে মানুষের আবেগ ও ঐতিহাসিক স্মৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই নাম পরিবর্তনের কোনও প্রয়োজন সরকার অনুভব করছে না।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে চলা রাজ্যের নাম পরিবর্তন নিয়ে বিতর্কে আপাতত নতুন মোড় এল। একই সঙ্গে সরকারি প্রকল্পগুলির নামেও ‘পশ্চিমবঙ্গ’ ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের পরিচয় ও ঐতিহ্যকে আরও জোরালোভাবে তুলে ধরার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এখন কেন্দ্রের কাছে পূর্বের নাম পরিবর্তনের প্রস্তাবের ভবিষ্যৎ কী হবে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.