সামনেই পুজো। তাই সময় ও বাজেটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। কারও গন্তব্য সমুদ্র, কেউ পাড়ি দিতে চাইছেন পাহাড়ে, আবার কারও পছন্দ জঙ্গল। আর জঙ্গলের কথা উঠলে ডুয়ার্সের সবুজে ঘেরা বনাঞ্চলের আকর্ষণই আলাদা।
তবে ডুয়ার্সের একাধিক জঙ্গলে পর্যটন মরশুমে দীর্ঘদিন ধরে অনলাইনে সাফারির টিকিট বুকিং বন্ধ থাকায় সমস্যায় পড়ছিলেন পর্যটকরা। স্পটে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেক সময় টিকিট মিলছিল না। এই পরিস্থিতিতে ক্ষোভও বাড়ছিল পর্যটকদের মধ্যে। এবার তাঁদের জন্য বড়সড় স্বস্তির খবর। পর্যটন মরশুম শুরুর আগেই সবকিছু ঠিকঠাক থাকলে জলদাপাড়া, গরুমারা এবং বক্সা জঙ্গলে জিপসি সাফারির অনলাইন বুকিং ফের চালু হতে চলেছে। অফলাইন বুকিং ঘিরে দালালচক্র এবং পর্যটকদের হয়রানি বন্ধ করতেই এই সিদ্ধান্ত বনদফতরের। বিষয়টি জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁড়াও।
জলদাপাড়া বনবিভাগ গত বছরের ২৭ জানুয়ারি থেকে জাতীয় উদ্যানে সাফারির অনলাইন বুকিং বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে কাউন্টারে গিয়ে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কাটতে হচ্ছিল পর্যটকদের। উল্লেখ্য, গত বছরের ২২ জানুয়ারি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিপসি সাফারির অনলাইন বুকিং বন্ধ করে অফলাইন পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছিলেন। এরপরই অভিযোগ ওঠে, সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। সাফারির টিকিট পেতে পর্যটকদের হয়রানির মুখেও পড়তে হচ্ছিল।
বনমন্ত্রী মনোজ কুমার ওঁড়াও জানিয়েছেন, জঙ্গল সাফারি করতে আসা দেশ-বিদেশের পর্যটকদের একাংশ দালালদের সমস্যায় পড়ছিলেন। এ নিয়ে একাধিক অভিযোগও বনদফতরের কাছে জমা পড়ে। পর্যটকদের স্বার্থেই ফের অনলাইন বুকিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বনদফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পর্যটন মহল এবং সংশ্লিষ্ট পর্যটন সংস্থাগুলিও। তাঁদের বক্তব্য, অফলাইন বুকিংয়ে সাফারির খরচ কিছুটা কম হলেও টিকিট পাওয়ার নিশ্চয়তা না থাকায় ডুয়ার্সের তিন জঙ্গলে পর্যটকদের আগ্রহ কমছিল। আগে থেকেই অনলাইনে বুকিং করার সুযোগ থাকলে সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হবে।
পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ ছিল, অনলাইন বুকিং বন্ধ হয়ে যাওয়ার পর দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে সাফারির টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সুযোগেই স্থানীয় স্তরে অফলাইন টিকিটের দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। বাড়তি টাকা নিয়ে সাফারির টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে।
WBSFDA-এর ওয়েবসাইটের মাধ্যমে জলদাপাড়া অভয়ারণ্যের সাফারি অনলাইনে বুক করা যায়। সেখানে একাধিক রুটে সাফারির ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে চিলাপাতা কার সাফারি, চিলাপাতা কার সাফারি রুট-২, মাদারিহাট কার সাফারি এবং শালকুমার গেট কার সাফারি।
চিলাপাতা কার সাফারি শুরু হয় চিলাপাতা রেঞ্জ অফিস থেকে। সেখান থেকে শিকারী রেন, বানিয়া ওয়াচ টাওয়ার, পার্ল রোড, মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার, বানিয়া রুইনস এবং সিসি লাইন ওয়াচ টাওয়ার ঘুরে ফের চিলাপাতা রেঞ্জ অফিসে ফিরে আসে গাড়ি।
চিলাপাতা কার সাফারি রুট-২ শুরু হয় কোদাল বস্তি রেঞ্জ অফিস থেকে। এই রুটে হার্ট রোড, মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার, পার্ল রোড, সিসি লাইন ওয়াচ টাওয়ার এবং বানিয়া রুইনস ঘুরে আবার কোদাল বস্তিতে ফিরতে হয়।
মাদারিহাট কার সাফারির একটি রুটে মাদারিহাট এনআইসি থেকে যাত্রা শুরু করে হরিণডাঙা ওয়াচ টাওয়ার, জলদাপাড়া ওয়াচ টাওয়ার এবং খাওকান্দ পাড়া হয়ে ফের মাদারিহাট এনআইসি-তে ফিরতে হয়। অন্য একটি রুটে মাদারিহাট এনআইসি থেকে হলং এফআরএইচ, জলদাপাড়া ওয়াচ টাওয়ার এবং খাওকান্দ পাড়া হয়ে আবার মাদারিহাটে ফেরা যায়।
শালকুমার গেট কার সাফারি শুরু হয় শালকুমার গেট থেকে। এরপর হলং এফআরএইচ, হরিণডাঙা ওয়াচ টাওয়ার এবং জলদাপাড়া ওয়াচ টাওয়ার ঘুরে সাফারি শেষ হয় শালকুমার গেটে।
সাফারির সময় সাধারণত সকাল ৬টা থেকে সাড়ে ৭টা, সকাল ৮টা থেকে সাড়ে ৯টা, দুপুর দেড়টা থেকে ৩টে এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা। জনপ্রতি প্রবেশমূল্য ২৮০ টাকা। গাড়ির জন্য খরচ পড়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া গাইডের জন্য দিতে হয় ৩৫০ টাকা।
জলদাপাড়ার জঙ্গলের সৌন্দর্য উপভোগের জন্য হলং এবং এনইসি ওয়াচ টাওয়ারেও যাওয়ার সুযোগ রয়েছে। সেখানে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা, সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা এবং সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা—এই তিনটি সময়ে জঙ্গল দেখার সুযোগ মেলে। এর খরচ জনপ্রতি ১২০০ টাকা।
পুজোর আগে অনলাইন বুকিং ফের চালু হলে পর্যটকদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি যেমন কমবে, তেমনই সাফারির টিকিট নিয়ে অনিশ্চয়তাও অনেকটা কাটবে বলে আশা পর্যটন মহলের।







