আর জি কর কাণ্ডে তিলোত্তমার দেহ দ্রুত দাহ করে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার ষড়যন্ত্রের অভিযোগে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে গ্রেফতার করল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশের বিশেষ দল।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতাল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সক্রিয় হয়ে উঠেছিলেন সোমনাথ। হাসপাতাল থেকে দেহ পানিহাটিতে পরিবারের কাছে পৌঁছনো এবং এরপর দ্রুত দাহ করার ব্যবস্থা করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, নিজের প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তিনি দ্রুত দেহ সৎকারের ব্যবস্থা করেছিলেন। অভিযোগ, এর মাধ্যমে নিয়মমাফিক একাধিক আইনি ও সামাজিক প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছিল এবং এর নেপথ্যে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করার উদ্দেশ্য ছিল।
ঘটনার পর থেকেই সোমনাথ দে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। পরে গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পারেন তদন্তকারীরা। এরপর বেঙ্গালুরুতে গিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে শুক্রবার সোমনাথকে খড়দহ থানায় নিয়ে আসা হবে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে দেহ দ্রুত দাহ করার সিদ্ধান্তের পিছনে কী উদ্দেশ্য ছিল এবং কার নির্দেশে তিনি এই পদক্ষেপ করেছিলেন, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।
সোমনাথের গ্রেফতারির ফলে আর জি কর কাণ্ডের তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর। এর আগে একই ধরনের অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও গ্রেফতার করেছিল পুলিশ।







