দীর্ঘ প্রায় দেড় বছর পর ফের একদিনের ক্রিকেটে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ইন্ডিয়া ‘এ’-র দুটি পৃথক স্কোয়াড। আর ওয়ান ডে দলের তালিকায় জায়গা করে নিয়েছেন তারকা পেস-বোলিং অলরাউন্ডার হার্দিক।
পন্ডিচেরিতে অনুষ্ঠিত হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে আয়োজিত হবে দুটি মাল্টি-ডে ম্যাচ। এরপর তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর সেই ওয়ান ডে স্কোয়াডেই রাখা হয়েছে হার্দিককে। তবে সরাসরি প্রথম একাদশে জায়গা পাওয়ার আগে তাঁকে পেরোতে হবে গুরুত্বপূর্ণ ফিটনেস পরীক্ষা।
২০২৫ সালের মার্চে জাতীয় দলের জার্সিতে শেষবার ওয়ান ডে খেলেছিলেন হার্দিক। গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটেই মূলত বেশি মনোযোগ দিয়েছেন তিনি। একাধিক চোটের কারণে তাঁর ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই সিনিয়র দলের প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়া ‘এ’-র মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই সিরিজ হার্দিকের কাছে কার্যত বড় পরীক্ষা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ব্যাট এবং বল—দুই বিভাগেই নিজের সক্ষমতা যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন তিনি। একই সঙ্গে তাঁর ফিটনেস এবং ম্যাচে কার্যকর ভূমিকা নেওয়ার ক্ষমতার উপরও নজর থাকবে জাতীয় নির্বাচকদের।
দল ঘোষণার পর ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজের জন্য নির্বাচকরা ইন্ডিয়া ‘এ’ দল বেছে নিয়েছেন। পন্ডিচেরিতে দুটি মাল্টি-ডে ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ান ডে ম্যাচও খেলা হবে।
সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে লাল বলের মাল্টি-ডে সিরিজ। এরপর ৬ অক্টোবর থেকে গড়াবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।
দুটি স্কোয়াডেই একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। মাল্টি-ডে দলের অধিনায়ক করা হয়েছে দেবদত্ত পাড়িকলকে। সহ-অধিনায়ক সাই সুদর্শন। অন্যদিকে ওয়ান ডে দলের নেতৃত্বে থাকছেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর ডেপুটি দেবদত্ত পাড়িকল। দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন প্রতিশ্রুতিশীল উইকেটকিপার কুমার কুশাগ্র।
মাল্টি-ডে স্কোয়াড: আমান মোখাদে, আয়ুশ পাণ্ডে, দেবদত্ত পাড়িকল (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), যশ রাঠোড়, শেখ রশিদ, কুমার কুশাগ্র (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপাণ্ডে, অংশুল কম্বোজ, প্রফুল হিঙ্গে, এন জগদীশন (উইকেটকিপার), নচিকেত ভুতে এবং ভি বৈশাক।
ওয়ান ডে স্কোয়াড: প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িকল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রজত পাটিদার, কুমার কুশাগ্র (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, আর্শিন কুলকার্নি, আর্শাদ খান, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, প্রভসিমরন সিং (উইকেটকিপার), গুরজাপনীত সিং এবং যশ ঠাকুর।







