কলকাতা শহরে বেআইনি নির্মাণ এবং কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বালিগঞ্জ, বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার এবং ক্যানেল ইস্ট রোড সংলগ্ন এলাকায় ৫০টিরও বেশি বহুতল নির্মাণে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। মামলায় বেআইনি নির্মাণের পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা, কালো টাকা সাদা করা এবং বেআইনি ভাবে বৈদেশিক মুদ্রা রূপান্তরের মতো গুরুতর অভিযোগও উঠেছে।
শুক্রবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, এতদিন কেন এই বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে কোনও অনুসন্ধান করা হয়নি? আদালতের বক্তব্য, বেআইনি নির্মাণ রুখতে পুরসভা কিংবা রাজ্য প্রশাসনেরই উদ্যোগী হওয়ার কথা। অথচ শহরে একের পর এক বেআইনি নির্মাণ হয়ে চলেছে। এর পরিপ্রেক্ষিতে কলকাতা পুরনিগমের তরফে আদালতকে জানানো হয়, তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা আদালতে জমা দিতে চায়।
পুরসভার ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, “পুরকর্মী ও আধিকারিকরা বেতন পাচ্ছেন কাজ করার জন্য, কাজ না করার জন্য নয়।” এতদিন পুরসভা কেন স্বতঃপ্রণোদিত হয়ে কোনও পদক্ষেপ করেনি, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। আদালতের সময় নষ্ট করার চেষ্টা করা হলে প্রয়োজনে পুরকমিশনারকে তলব করা হতে পারে বলেও সতর্ক করা হয়।
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, চিহ্নিত ৪২টি বহুতল-সহ একাধিক বেআইনি নির্মাণের ক্ষেত্রে প্রকৃত মালিক কারা, কারা সেখানে অর্থ বিনিয়োগ করেছেন—তার কোনও স্পষ্ট নথি নেই। এমনকী অনেক ক্ষেত্রে ন্যূনতম অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ। বিপুল পরিমাণ অর্থ বেআইনি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।
এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধানের দায়িত্ব সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করতে পারবে। পুলিশ এবং কলকাতা পুরনিগমের কাছ থেকেও প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে সিবিআই।
আগামী ১৪ অক্টোবরের মধ্যে সিবিআইকে প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও পদক্ষেপ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।







