বিনোদন

পদ্মশ্রীর পর আরও বড় দায়িত্ব, কেন্দ্রীয় সেন্সর বোর্ডে প্রসেনজিৎ! নতুন কমিটিতে একাধিক তারকা

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে নতুন করে সাজানো হল ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC), অর্থাৎ কেন্দ্রীয় সেন্সর বোর্ড। নতুন বোর্ডের সদস্য তালিকায় বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপালী গঙ্গোপাধ্যায় এবং পল্লবী জোশী। নতুন দায়িত্বের খবর পেয়ে প্রসেনজিৎ সংবাদমাধ্যমকে জানান, তিনি কিছুক্ষণ আগেই বিষয়টি জানতে পেরেছেন এবং এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত।

সিনেমাটোগ্রাফ অ্যাক্টের অধীনে কেন্দ্রের অর্পিত ক্ষমতাবলে মোট ১৮ জন সদস্যকে নিয়ে নতুন এই বোর্ড গঠন করা হয়েছে। আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই কমিটিই CBFC-র যাবতীয় দায়িত্ব পালন করবে। ভারতে মুক্তির জন্য তৈরি চলচ্চিত্রগুলির মূল্যায়ন করে সেগুলি কোন বয়স বা শ্রেণির দর্শকের জন্য উপযুক্ত, সেই অনুযায়ী শংসাপত্র দেওয়াই এই বোর্ডের অন্যতম প্রধান কাজ।

শুধু অভিনয় জগতের তারকারাই নন, নতুন বোর্ডে সংস্কৃতি ও সঙ্গীত জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিকেও রাখা হয়েছে। তালিকায় রয়েছেন বিনোদ অনুপম, মনোজ জোশী, অভিষেক জৈন, গ্র্যামি-জয়ী সঙ্গীত পরিচালক রিকি কেজ, চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন, গায়ক হন্সরাজ হন্স, সুপ্রিয়া ইয়ারলাগড্ডা, যতীন্দ্র মিশ্র, নীল মাধব পণ্ডা, নিশিন্ধা ওয়াদ, ওয়ামন কেন্দ্র এবং রমেশ পতঙ্গের মতো ব্যক্তিত্বরা।

নতুন বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্তর্ভুক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলা চলচ্চিত্র মহল। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ‘বুম্বাদা’। এই সময়ের মধ্যে সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাণিজ্যিক বাংলা ছবিকে দর্শকের ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি একাধিক ভিন্নধারার চলচ্চিত্রেও নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন।

বাংলা চলচ্চিত্রের বিভিন্ন কঠিন সময়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। টলিউডকে মূলধারায় ধরে রাখা এবং বাংলা ছবিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদানও বারবার উঠে এসেছে। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে চলতি বছরের মে মাসে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কেন্দ্রের কাছ থেকে পদ্মশ্রী সম্মান পান তিনি।

পদ্মশ্রী পাওয়ার কয়েক মাসের মধ্যেই এবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ামক সংস্থা CBFC-র সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেলেন প্রসেনজিৎ। তাঁর এই অন্তর্ভুক্তি ব্যক্তিগত সম্মানের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের কাছেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.