কলকাতা

মা উড়ালপুলে চিনা মাঞ্জার আতঙ্ক! একের পর এক দুর্ঘটনা, আহতদের উদ্ধারে এগিয়ে এলেন অগ্নিমিত্রা পাল

কলকাতা: ফের কলকাতার মা উড়ালপুলে চিনা মাঞ্জার আতঙ্ক। নিষিদ্ধ মাঞ্জা সুতোর কারণে এক বাইকচালক গুরুতর আহত হওয়ার পর তাঁকে বাঁচাতে গিয়ে পরপর দুর্ঘটনার কবলে পড়ল আরও একটি বাইক এবং একটি গাড়ি। ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে শহরের ব্যস্ত উড়ালপুলে যাত্রী নিরাপত্তা এবং নিষিদ্ধ চিনা মাঞ্জার দৌরাত্ম্য নিয়ে।
রবিবার মা উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই এক বাইকচালকের গলায় পেঁচিয়ে যায় লাল রঙের চিনা মাঞ্জা। গলায় সুতো জড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে তিনি আচমকা বাইকের ব্রেক কষেন। তাঁর পিছনে থাকা একটি গাড়িও তৎক্ষণাৎ গতি কমিয়ে ব্রেক করে। কিন্তু গাড়িটির পিছনে থাকা আরও এক বাইকচালক সময়মতো পরিস্থিতি সামলাতে না পেরে গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারেন। ঘটনায় তিনি গুরুতর আহত হন।
ঠিক সেই সময় মা উড়ালপুল দিয়ে ফিরছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্ঘটনার দৃশ্য চোখে পড়তেই তিনি গাড়ি থামিয়ে নিজেই আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। আহত বাইকচালকদের পানীয় জলের ব্যবস্থা করার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার উদ্যোগ নেন তিনি। দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে আহতদের হাসপাতালে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
ঘটনার পর মা উড়ালপুলে কীভাবে নিষিদ্ধ চিনা মাঞ্জা পৌঁছল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। তপসিয়া থানার পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করেন মন্ত্রী। বিশেষ করে ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে ব্যস্ত রাস্তা ও উড়ালপুল সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, ঘুড়ির সুতো যেন কোনওভাবেই বাইকচালক বা পথচারীদের প্রাণের ঝুঁকির কারণ না হয়ে ওঠে।
অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, মা উড়ালপুলে ঘুড়ির সুতো গলায় পেঁচিয়ে এক বাইকচালক আক্রান্ত হন। তাঁকে বাঁচাতে গিয়ে পরপর একটি গাড়ি এবং একটি বাইকের দুর্ঘটনা ঘটে। পিছনে থাকা বাইকচালক গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ঘুড়ি ওড়ানোর সময় সকলকে আরও সতর্ক হওয়ার আবেদন জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত আট সপ্তাহে মা উড়ালপুলে মাঞ্জাজনিত দুর্ঘটনার সংখ্যা চার। বিশ্বকর্মা পুজোর সময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ড্রোন নজরদারি এবং বিশেষ অভিযান চালানো হলেও নিষিদ্ধ চিনা মাঞ্জার ব্যবহার পুরোপুরি বন্ধ করা যায়নি বলে অভিযোগ।
ফলে ফের প্রশ্নের মুখে শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুলের নিরাপত্তা ব্যবস্থা। নিষিদ্ধ মাঞ্জার দৌরাত্ম্য রুখতে আরও কঠোর নজরদারি এবং দ্রুত পদক্ষেপের দাবি উঠছে। নিত্যযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবার কী ব্যবস্থা নেয়, সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.