দেশ

ঝড় নয়, তবু তাণ্ডব! বন্ধ স্কুল, নিরাপদ আশ্রয়ে ৮ হাজারের বেশি মানুষ, বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা

ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। কিন্তু অতি গভীর নিম্নচাপের দাপটেই বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও আবার জল জমে ব্যাহত হয়েছে যোগাযোগ। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশায় ইতিমধ্যেই ৮ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে একাধিক স্কুলও।

আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করে। বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিয়ে স্থলভাগে ঢোকার পর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যায় সেটি। স্থলভাগের উপর দিয়ে অগ্রসর হওয়ার সময় ধীরে ধীরে শক্তি হারিয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে সিস্টেমটি।

তবে শক্তি কমলেও বৃষ্টির দাপট এখনও অব্যাহত। ওড়িশার গঞ্জাম, গজপতি, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া ও নবরঙ্গপুরে প্রভাব তুলনামূলক বেশি। সরকারি সূত্রে খবর, বিপজ্জনক এলাকা থেকে ৮,০৮২ জনকে ২০৩টি ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে কোথাও ভূমিধস, কোথাও জলমগ্ন রাস্তা। মালিগুড়া ও ছাতারিপুট স্টেশনের মাঝে ভূমিধসের কারণে রেললাইনও অবরুদ্ধ হয়েছে। একাধিক এলাকায় গাছ পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

এই নিম্নচাপের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশেও। ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ধসের খবর মিলেছে। একই সময়ে ডিভিসি, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা সিস্টেমটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে আরও দুর্বল হবে। আবহাওয়া দফতরের রাডারগুলির মাধ্যমে পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.