পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ ঘিরে ফের কড়া বার্তা দিল ভারত। রবিবার NDTV Defence Summit 2026-এর মঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করবে না নয়াদিল্লি। ভারত যুদ্ধ চায় না, অন্য কোনও দেশের ভূখণ্ড দখলেরও কোনও লক্ষ্য নেই। তবে শান্তির নীতিকে যেন কেউ দুর্বলতা বলে ভুল না করেন—বার্তা রাজনাথের।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি ও আলোচনায় বিশ্বাসী। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতার পথেই এগোতে চায় নয়াদিল্লি। কিন্তু কোনও দেশের সঙ্গে সহযোগিতা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিনিময়ে হতে পারে না। তাঁর বক্তব্য, কোনও প্রতিবেশী দেশ যদি সন্ত্রাসবাদকে উৎসাহ বা মদত দিতে থাকে, তাহলে আলোচনার পরিবেশও নষ্ট হবে। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ভারত প্রস্তুত থাকবে।
রাজনাথের কথায়, “নীরব থাকা আর দুর্বল থাকার মধ্যে পার্থক্য রয়েছে।” তাঁর স্পষ্ট বার্তা, প্রতিবেশী দেশ থেকে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা চলতে থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর বিকল্প খোলা রাখছে ভারত।
পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শান্তি ও সংলাপকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে যে কোনও আপস করা হবে না, ফের তা স্পষ্ট করলেন রাজনাথ সিং।







