২৫ বছর ধরে প্রশাসনের শীর্ষে। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—দীর্ঘ এই রাজনৈতিক সফরে পেরিয়ে গিয়েছে একের পর এক নির্বাচন, বদলেছে সময়, বদলেছে রাজনৈতিক সমীকরণ। কিন্তু এই দীর্ঘ পথচলার শেষে দাঁড়িয়েও নরেন্দ্র মোদির দাবি, তিনি এখনও নিজেকে একজন ‘শিক্ষার্থী’ বলেই মনে করেন।
বুধবার, ৭ অক্টোবর প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০১ সালের এই দিনেই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। সেই সময় থেকে টানা ২৫ বছর ধরে কোনও না কোনও প্রশাসনিক পদে রয়েছেন মোদি। বিশেষ এই দিনটিতে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
নিজের দীর্ঘ প্রশাসনিক যাত্রার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমেই কৃতজ্ঞতা জানান দেশের মানুষকে। তাঁর কথায়, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে এই যাত্রা একদিন ২৫ বছরে পৌঁছবে। বারবার নির্বাচনের ময়দানে তাঁকে ‘সেবক’ হিসেবে বেছে নেওয়ার জন্য জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মোদির কথায়, “দেশবাসীকে মাথা নত করে প্রণাম জানাচ্ছি। হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ২৫ বছর ধরে সেবা করছি। গত ২৫ বছরে একাধিক বিধানসভা ও লোকসভা নির্বাচন দেখেছি। প্রতিবার জনতা সেবক হিসেবে আমাকে বেছে নিয়েছে।”
তবে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পরেও নিজের সম্পর্কে তাঁর উপলব্ধি বেশ আলাদা। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের সেবার পথে কখনও নিজেকে একা মনে হয়নি। দলের কর্মী এবং সহকর্মীদের পাশে পেয়েছেন সবসময়। জীবনের প্রতিটি ঘটনা তাঁকে নতুন কিছু শিখিয়েছে। আর সেই কারণেই আজও নিজেকে ‘শিক্ষার্থী’ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা বলে মনে হয়নি। সব সময় কর্মীদের পাশে পেয়েছি। প্রত্যেক ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমি নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি। কর্মই আমার ধর্ম।”
এদিনের বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় ‘বিকশিত ভারত-২০৪৭’-এর লক্ষ্যও। স্বাধীনতার ১০০ বছর পূর্তির সময় অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা ফের তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সামাজিক উন্নয়ন, পরিবেশের স্থায়িত্ব এবং সুশাসনকেও এই বৃহত্তর লক্ষ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।
তবে এই লক্ষ্য শুধুমাত্র সরকারের উদ্যোগে পূরণ করা সম্ভব নয়—এমনই বার্তা দেন মোদি। তাঁর বক্তব্য, দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারের সঙ্গে সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা বা ‘সবকা প্রয়াস’-এর মাধ্যমেই ২০৪৭-এর বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব।
২৫ বছরের প্রশাসনিক সফরের মাইলফলকে দাঁড়িয়ে তাই মোদির বার্তায় একদিকে যেমন ফিরে দেখা তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, অন্যদিকে তেমনই সামনে ২০৪৭-এর বড় লক্ষ্য। ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে ‘শিক্ষার্থী’ হিসেবে দেখার বার্তাই এদিনের বক্তব্যে বিশেষভাবে নজর কেড়েছে।







