যুদ্ধবিরতির ঘোষণা, অথচ থামল না হামলা! রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধের সমঝোতা হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ঘোষণার পরই ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় রুশ হামলার অভিযোগ তুললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, রুশ ড্রোন হামলায় দেশের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে বিস্ময় প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষও করেছেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দীর্ঘদিন ধরেই দুই দেশ পরস্পরের জ্বালানি পরিকাঠামোকে নিশানা করছে। তেল শোধনাগার, গ্যাস উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে।
নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে এনার্জি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং উভয় পক্ষই তাতে রাজি হয়েছে। তাঁর এই ঘোষণাকে ঘিরে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছিল।
কিন্তু ট্রাম্পের বক্তব্য সামনে আসার পরই জেলেনস্কি জানান, এই সমঝোতার বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তাঁর বক্তব্য, ট্রাম্পের সমাজমাধ্যমের পোস্ট থেকেই বিষয়টি জানতে পেরেছেন তিনি। জেলেনস্কির অভিযোগ, যুদ্ধবিরতির কথা সামনে আসার পরেও রাশিয়া ইউক্রেনের একটি গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। পাশাপাশি একটি সাধারণ গ্যাস স্টেশনেও ড্রোন হামলার অভিযোগ তুলেছেন তিনি।
এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টকে নিশানা করে জেলেনস্কি বলেন, পুতিন সম্ভবত ট্রাম্পের পোস্টটি পড়েননি। তাঁর বক্তব্য, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়ার হামলা অব্যাহত থাকলে সেই সমঝোতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই।
জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতি কার্যকর হলে তা বৃহত্তর শান্তি প্রক্রিয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলেও মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে তাঁর মতে, শুধু ঘোষণা করলেই হবে না, রাশিয়া যাতে সেই সমঝোতা মেনে চলে, তা নিশ্চিত করতে আমেরিকাকে সক্রিয় ভূমিকা নিতে হবে। একই সঙ্গে জ্বালানি সংক্রান্ত আলোচনায় ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কী সমঝোতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কিয়েভ।
সব মিলিয়ে, ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি এবং তার পরেও রুশ হামলার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে। এই সমঝোতা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে দুই পক্ষের পদক্ষেপ এবং আন্তর্জাতিক মধ্যস্থতার উপর।







