রাজ্য

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, ৫ হাজার টাকা ও অতিরিক্ত ৫০ কেজি চাল ঘোষণা

বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য পুজোর আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও যাঁরা কর্মহীন অবস্থায় রয়েছেন, তাঁদের পরিবারকে উৎসবের মরশুমে অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে তাঁরা যে ৩৫ কেজি চাল পান, তার পাশাপাশি এই অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত এই সুবিধা পাবেন বন্ধ চা বাগানের শ্রমিকরা।

২০২৩ সালের জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ২১টি চা বাগান বন্ধ রয়েছে। এর জেরে ওই বাগানগুলির প্রায় ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বুধবার নবান্নে তাঁদের জন্য পুজোর উপহারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, যেসব শ্রমিকের বয়স ৬০ বছরের মধ্যে এবং চা বাগান বন্ধ থাকার কারণে বর্তমানে কর্মহীন, তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে পাঠানো হবে। শ্রম দফতরের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। পাশাপাশি উৎসবের মরশুমে পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চালও দেওয়া হবে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাগানগুলি বন্ধ থাকায় সংশ্লিষ্ট শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না, ফলে তাঁদের বোনাস পাওয়ারও সুযোগ নেই। তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সরকারের এই উদ্যোগ।

এদিকে, পুজোর মুখে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্যও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে অর্থদফতর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়ম মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এই বিপুল নিয়োগের মধ্যে টেকনিক্যাল এডুকেশন দফতরে ১,৮৮৬টি পদে অফিসার ও ক্লার্ক নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, সাব-ইন্সপেক্টর এবং লেডি কনস্টেবল-সহ মোট ৯৪৬টি পদে নিয়োগ হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে রয়েছে ৭,১১৯টি শূন্যপদ। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্কুল এডুকেশন দফতরে—৩৩,১৯৯টি পদে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অর্থদফতরের অনুমোদন পাওয়ার পর এবার দ্রুতই সংশ্লিষ্ট নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.