রাজ্য

ভিড়ের মধ্যে নজরদারি আরও সহজ! খড়্গপুর স্টেশনে আরপিএফের হাতে আধুনিক সেগওয়ে

রেলযাত্রীদের নিরাপত্তা ও স্টেশনে নজরদারি আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির উপর ভরসা বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। এবার খড়্গপুর স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) কর্মীদের জন্য চালু হল ব্যাটারিচালিত সেগওয়ে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোনে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। এর ফলে স্টেশন চত্বরে টহলদারি, ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছনোর কাজ আরও সহজ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

খড়্গপুর স্টেশনে এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ললিত মোহন পাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার প্রকাশ কুমার পাণ্ডা-সহ রেলের একাধিক আধিকারিক।

রেল সূত্রে জানা গিয়েছে, সেগওয়ে ব্যবহারের ফলে স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছতে পারবেন আরপিএফ কর্মীরা। সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখা, অপরাধ প্রতিরোধ এবং বিপদে পড়া যাত্রীদের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই যান কার্যকর হতে পারে। বিশেষত মহিলা, শিশু ও প্রবীণ যাত্রীদের সহায়তা এবং উৎসবের মরশুমে বাড়তি ভিড় সামলানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুধু সেগওয়ে নয়, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও একাধিক সরঞ্জাম দেওয়া হয়েছে আরপিএফ কর্মীদের হাতে। রয়েছে ৫০টি নেকব্যান্ড ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং ১০০টি ফ্ল্যাশ ব্যাটন। যাত্রীদের দ্রুত ঘোষণা শোনানো, জরুরি নির্দেশ পৌঁছে দেওয়া এবং ভিড় নিয়ন্ত্রণের কাজে এগুলি ব্যবহার করা হবে। দুর্গাপুজো ও দীপাবলির মতো উৎসবের সময় এই সরঞ্জামগুলি বিশেষভাবে কার্যকর হতে পারে।

এদিকে, একই দিনে খড়্গপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে সংস্কার করা মহিলা ও পুরুষ রেলকর্মীদের ক্রু রেস্ট রুমেরও উদ্বোধন করেন ডিআরএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলওয়ে উইমেনস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের খড়্গপুর শাখার সভাপতি সুধা পাণ্ডে।

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি রেলকর্মীদের বিশ্রামের সুযোগ উন্নত করার উপরও জোর দেওয়া হচ্ছে এই উদ্যোগে। সব মিলিয়ে, যাত্রী সুরক্ষা, নজরদারি ও পরিষেবার মান বাড়াতে খড়্গপুর ডিভিশনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রেল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.