রাজ্য

ফের মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের, পুজোর মরশুমে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পুজোর মরশুমে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি। মন্দারমণি-তাজপুর উপকূলে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল ১৯ বছরের যুবক শুভজিৎ পন্ডার। এই ঘটনায় তাঁর সঙ্গী বিকাশ চন্দ্র জানা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পরপর এমন ঘটনায় পর্যটনকেন্দ্রগুলিতে সমুদ্রে স্নানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে তাজপুর সমুদ্রসৈকতে অরণ্যভোজনে গিয়েছিলেন শুভজিৎ। সেখানে দুই বন্ধু সমুদ্রে স্নান করতে নামলে আচমকাই প্রবল ঢেউয়ের ধাক্কায় তাঁরা বিপাকে পড়েন এবং জলে তলিয়ে যেতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমণি থানার পুলিশ। দ্রুত দু’জনকে উদ্ধার করে রামনগরের বালিসাই বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শুভজিৎকে মৃত বলে ঘোষণা করেন। বিকাশ চন্দ্র জানা বর্তমানে চিকিৎসাধীন।

বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটাতে গিয়ে এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিতদের মধ্যে। পুজোর মরশুমে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতে সতর্কতা মেনে চলার বিষয়টিও ফের সামনে এসেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান হাওড়ার ডোমজুড়ের দুই পর্যটক—সেক শাহিদ (২৫) এবং সেক সাহিল (২২)। সম্পর্কে তাঁরা ভগ্নিপতি ও শ্যালক। ছয় বন্ধুর একটি দল বেড়াতে এসে বিকেল ৫টা নাগাদ মনসা মন্দির সংলগ্ন সৈকতে স্নান করতে নেমেছিলেন। সেই সময় উত্তাল ঢেউয়ের টানে দু’জন গভীর জলে তলিয়ে যান।

এর পর শুরু হয় তাঁদের খোঁজে তল্লাশি। দীর্ঘ চেষ্টার পর প্রথমে একজনের দেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে দ্বিতীয় যুবকের দেহও উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পরপর এমন ঘটনায় সমুদ্রে নামার আগে আবহাওয়া ও ঢেউয়ের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার গুরুত্ব আরও একবার স্পষ্ট হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.