কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২৮ নভেম্বর পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা ধাক্কা খেয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। কবে নির্বাচন করানো সম্ভব, তা জানতে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। তবে এখনও রাজ্যের তরফে চূড়ান্ত সম্মতি মেলেনি বলে জানা যাচ্ছে। যদিও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
কমিশন সূত্রের খবর, রাজ্যের বাকি পুরসভা ও মিউনিসিপ্যালিটিগুলিতে ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই নির্বাচন পরিচালনার জন্য পর্যবেক্ষকদের তালিকাও তৈরি করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ প্রকাশের দিন ধার্য রয়েছে। এ জন্য ১ অক্টোবর পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার ভিত্তিতেই পুরভোটের তালিকা প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।
**কবে হতে পারে কলকাতা ও হাওড়ার ভোট?**
কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটের দিনক্ষণ নিশ্চিত নয়। ২৮ ডিসেম্বরের মধ্যে পুরবোর্ড গঠনের সময়সীমা থাকায় হাতে সময়ও সীমিত।
কলকাতা পুরসভার নির্বাচনের প্রস্তুতি হিসাবে মোট ৪,৭১১টি বুথের কথা জানানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২২,৬১৩ জন ভোটকর্মীকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রিসাইডিং অফিসার-সহ বিভিন্ন পদে কর্মীরা থাকবেন। আগামী ৩ নভেম্বর থেকে রাজ্যজুড়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনে রাজ্য পুলিশ ব্যবহার করার পরিকল্পনার কথাও জানা গিয়েছে। পাশাপাশি, কলকাতা পুরসভার ইভিএমে ‘নোটা’ বিকল্প থাকবে না বলে কমিশন সূত্রে খবর।
**কী বলছেন পুরমন্ত্রী?**
পুরভোট পিছিয়ে যাওয়ার জল্পনা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “পুরো ভোট এখনই পিছিয়ে দেওয়া হচ্ছে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়গুলি পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী।”
ফলে আপাতত পুরভোটের বিজ্ঞপ্তি ও নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। রাজ্য সরকারের জবাবের পরই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হতে পারে।







