ফের রাজ্য রাজনীতিতে উত্তপ্ত মুকুল রায়কে ঘিরে। মুকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দাবি করে প্রথমে ছেলে শুভ্রাংশু রায়ের দুটি থানায় মিসিং ডায়েরি। এর প্রেক্ষিতে কী মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের?
দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মুকুল রায় একজন বিধায়ক, বাংলার রাজনীতির বিশাল বড় ব্যক্তিত্ব। কিন্তু শেষ ছমাস তাঁকে নিয়ে কোনও খবর নেই। আমার মনে হয় এটা লস্ট কেস। মুকুল রায়কে নিয়ে কেউ আর কিছু ভাবে না। উনি অসুস্থ ছিলেন, ওঁনার সুস্থতা কামনা করি।’
বিশেষভাবে উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর সূত্রে খবর মিলেছে, সন্ধ্যা ৭টা নাগাদ একটি বিমানে দিল্লি রওনা হন মুকুল। তাঁর নামে একটি বোর্ডিং পাসও ভাইরাল হয়েছে। কিন্তু তারপর দিল্লি গিয়ে কোথায় মুকুল রায়, তা নিয়ে ধোঁয়াশা। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে খবর।
মুকুলের ঘনিষ্ঠ সূত্রে খবর, তৃণমূলে ফিরলেও রাজনৈতিক ভাবে সক্রিয় থাকতে না পেরে মুকুল রায় কিছুটা হতাশ ছিলেন। এদিকে মুকুল রায়ে দিল্লিতে রয়েছেন এই খবর সামনে আসতেই সাংবাদিক সম্মেলন করেন মুকুল পুত্র শুভ্রাংশু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে বাবাকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে।







